স্টিফেন প্যাডক (যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে উন্মুক্ত কনসার্টে গুলি )
স্টিফেন প্যাডক (যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে উন্মুক্ত কনসার্টে গুলি )
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে উন্মুক্ত কনসার্টে গুলি ছোড়ার ঘটনার সন্দেহভাজন বন্দুকধারী স্টিফেন প্যাডক একজন অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক ছিলেন। তাঁর ভাই এরিক প্যাডক বলেছেন, পোকার বা তাস খেলতে খুব পছন্দ করতেন স্টিফেন। এর আগে কোনো সহিংস ঘটনায় স্টিফেন জড়িত ছিলেন না বলে তিনি দাবি করেছেন।
স্থানীয় সময় গত রোববার রাতে লাস ভেগাসে কনসার্টস্থলের পাশে থাকা মান্দালাই বে হোটেলের ৩২ তলা থেকে বন্দুকধারী স্টিফেন ওই উন্মুক্ত কনসার্টে গুলি ছোড়েন। এতে কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, এ সময় শতাধিক গুলি চালানো হয়। ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ এর জবাব দেয়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী বন্দুক হামলা।
সন্দেহভাজন হামলাকারী হিসেবে স্টিফেন প্যাডকের নাম জানিয়েছে পুলিশ। বলা হচ্ছে, পুলিশ হোটেলকক্ষে ঢোকার আগেই স্টিফেন আত্মহত্যা করেন। গত বৃহস্পতিবার থেকে এই হোটেলে অবস্থান করছিলেন তিনি। পুলিশ ওই কক্ষে ১০টি বন্দুক পেয়েছে। ৬৪ বছর বয়সী স্টিফেন নেভাদার মেসকিটের বাসিন্দা। পুলিশ সন্দেহভাজন আরও এক ব্যক্তিকে খুঁজছে।
এমন সহিংসতার ঘটনায় স্টিফেনের জড়িত থাকার খবরে স্রেফ স্তম্ভিত হয়ে গেছেন তাঁর ভাই এরিক প্যাডক। ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, ‘সে এমন একজন মানুষ যে কিনা ভিডিও পোকার খেলতে পছন্দ করত, সাগরে ঘুরে বেড়াতে ভালোবাসত এবং বোরিতোস (মেক্সিকোর একটি বিশেষ খাবার) খেত। তার এমন কাজ করার কোনো কারণই নেই, কোনো যুক্তি নেই।’
এরিকের দাবি, তাঁর ভাইয়ের কোনো সামরিক সংশ্লিষ্টতা ছিল না। স্টিফেনের আরেক ভাই হলেন ব্রুস প্যাডক। তিনি এনবিসি নিউজকে বলেছেন, নিজের মালিকানাধীন অ্যাপার্টমেন্টের মাধ্যমে বেশ রোজগার করেছিলেন স্টিফেন। তিনি ধনী ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ আরও জানিয়েছে, সম্প্রতি বেশ বড় অঙ্কের অর্থ লেনদেন করেছিলেন এই সন্দেহভাজন বন্দুকধারী। তবে জুয়ায় জিতে বা হেরে ওই অর্থ লেনদেন করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Post a Comment