economics
গ্রামীণফোনের আইটি পরিচালনার দায়িত্ব পেল ভারতের উইপ্রো
গ্রামীণফোনের আইটি পরিচালনার দায়িত্ব পেল ভারতের উইপ্রো
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের তথ্যপ্রযুক্তিভিত্তিক (আইটি) সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে বহুজাতিক ভারতীয় আইটি কোম্পানি উইপ্রো। এ জন্য গ্রামীণফোনের সঙ্গে উইপ্রোর পাঁচ বছরের চুক্তি হয়েছে। উইপ্রোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার গ্রামীণফোনের সঙ্গে চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উইপ্রোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উইপ্রো হোমস’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে গ্রামীণফোনের সব আইটি কার্যক্রম পরিচালনা করা হবে। চুক্তি অনুসারে গ্রামীণফোনের অ্যাপ্লিকেশন উন্নয়ন ও ব্যবস্থাপনা, আইটি অবকাঠামোগত সহায়তা, রক্ষণাবেক্ষণ ও ব্যাক অফিস পরিচালনার কাজ করবে উইপ্রো। গ্রামীণফোনের সঙ্গে কাজ করার পাশাপাশি বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগও খুঁজবে উইপ্রো। এ জন্য বাংলাদেশে একটি সেবা কেন্দ্র বা ডেলিভারি সেন্টার খুলবে আইটি প্রতিষ্ঠানটি।
মার্কিন আইটি প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার এত দিন গ্রামীণফোনকে এ ধরনের আইটি সেবা দিয়ে আসছিল। কিন্তু ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে সম্প্রতি অ্যাকসেঞ্চারের সঙ্গে চুক্তি বাতিল করে গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনর। এ কারণে গত ১৮ জুলাই অ্যাকসেঞ্চার বাংলাদেশে তাদের ৫৫৬ কর্মীকে একসঙ্গে ছাঁটাইয়ের ঘোষণা দেয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আইটি কোম্পানিটি।
২০১৩ সালে টেলিনরের মাধ্যমে বাংলাদেশে আসে অ্যাকসেঞ্চার। এর আগে ২০০৯ সালে গ্রামীণফোনের আইটি বিভাগে কর্মরত ১৭৬ কর্মীকে নিয়ে জিপিআইটি নামের আলাদা একটি কোম্পানি তৈরি করা হয়। সেটিই ২০১৩ সালে এসে এসিআইএসএলে পরিণত হয়।
এদিকে গ্রামীণফোন প্রথম আলোতে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির বিষয়টি সংশ্লিষ্ট অংশীজনদের ইতিমধ্যে জানানো হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গ্রামীণফোনের চাহিদা পূরণে উইপ্রোই সেরা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।

Post a Comment